গুজরাটের একতা নগরে মঙ্গলবার অনুষ্ঠিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান হয়ে এলেও এবারই প্রথম অন্য কোনও রাজ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হল।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলচ্চিত্র শিল্পের সামাজিক প্রভাবের কথা তুলে ধরে শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের প্রভাবের কথা উল্লেখ করে তিনি তাঁদের স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্যহানিকর পদার্থের প্রচার থেকেও বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
একইসঙ্গে চলচ্চিত্র ও সৃজনশীল শিল্পের সঙ্গে যুক্ত সহকারী কর্মী, ছোট শিল্পী এবং প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই করা শিল্পীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এবারের অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল বর্ষীয়ান কন্নড় অভিনেতা অনন্ত নাগের হাতে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া। রাষ্ট্রপতির হাত থেকেই এই সম্মান গ্রহণ করেন তিনি।
সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ‘Article 370’। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মম্মুটি এবং কার্তিক আরিয়ান—‘Bramayugam’ এবং ‘Chandu Champion’-এর অভিনয়ের জন্য। ‘Amaran’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াসামি। অন্যদিকে ‘Swatantrya Veer Savarkar’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশের জন্য স্বীকৃতি পেয়েছেন রণদীপ হুডা।
সেরা জনপ্রিয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘Kalki 2898 AD’। ‘Captain Miller’ পেয়েছে জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরা সেরা ফিচার ফিল্মের পুরস্কার।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অষ্টম তফসিলের বাইরের ভাষার ছবিও বিশেষ স্বীকৃতি পেয়েছে। সেরা গাড়োয়ালি ছবির পুরস্কার পেয়েছে ‘Dholi’, সেরা তুলু ছবি ‘IMBU’ এবং সেরা ডেবিউ পরিচালকের ছবি হিসেবে সম্মান পেয়েছে ‘Angen’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে এবার দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়ার সরকারি পরিকল্পনারও আনুষ্ঠানিক সূচনা হল। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভবিষ্যতে এই অনুষ্ঠানকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। ভবিষ্যৎ আয়োজকদের জন্য পর্যটনকেন্দ্রের পর্যাপ্ত পরিকাঠামো এবং সামগ্রিক উন্নয়নের পরিকল্পনাও জমা দিতে বলা হয়েছে।
এদিকে পরবর্তী World Audio Visual & Entertainment Summit (WAVES) ২০২৭ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করা হয়েছে।


