ভোটে ভরাডুবির পর কলকাতার বাইরে প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার কথা তাঁর।
বিজেপির বিরুদ্ধে ‘অত্যাচার’ এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুগলি জেলা তৃণমূলের ডাকে এই মিছিল। তবে এখনও মেলেনি প্রশাসনের অনুমতি। সেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
মাহেশ মন্দির থেকে শুরু হয়ে শ্রীরামপুর আদালত পর্যন্ত যাওয়ার কথা মিছিলের। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।
বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর মূলত ফেসবুক লাইভেই রাজনৈতিক বার্তা দিচ্ছিলেন মমতা। ২১ জুলাইয়ের সমাবেশ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফের প্রকাশ্যে সক্রিয় হন তিনি।
এবার শ্রীরামপুরের মিছিলকে সামনে রেখে ফের রাস্তায় নেমে সংগঠনকে চাঙ্গা এবং তৃণমূল স্তরে জনসমর্থন ফেরানোর বার্তা দিতে চাইছে দল। মিছিলের অনুমতি নিয়ে আইনি লড়াইয়ে রয়েছেন প্রাক্তন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা মিছিল করতেই পারেন। এখন হাইকোর্টের রায়ের অপেক্ষায় তৃণমূল।


