তারাপীঠ, নিউ মার্কেটের পর এবার শিয়ালদহ। চলতি মাসে পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পরও কি শিক্ষা নেয়নি কলকাতা? সোমবার সকালে শিয়ালদহ স্টেশন চত্বরে খাবারের দোকানে আগুন লাগতেই ফের সামনে এল সেই প্রশ্ন।
আগুনের খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু দমকল আধিকারিকদের অভিযোগ, স্টেশনের পাইপলাইন থেকে জল মেলেনি। নিজেদের জল দিয়েই আগুন নেভাতে হয় তাঁদের। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সমস্যায় পড়তে হয় বলে দাবি দমকলের।
শুধু জল নয়, ওই দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে দমকল। আগুনের তীব্রতায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে দোকান। ভেঙে পড়েছে চিমনিও।
ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। দমকলের অভিযোগ অবশ্য সরাসরি মেনে নিতে চাননি তিনি। ডিআরএমের বক্তব্য, বিষয়টি খতিয়ে না দেখে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয়। তাঁর দাবি, আগুন বিধ্বংসী আকার নেয়নি, মূলত ধোঁয়ার কারণেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
সবচেয়ে বড় প্রশ্ন, একই দোকানে গত বছরও আগুন লেগেছিল। তারপরও কীভাবে ফের একই জায়গায় অগ্নিকাণ্ড? শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে দমকল। পাশাপাশি স্টেশন চত্বরে অগ্নিনিরাপত্তার ব্যবস্থাও এখন তদন্তের আওতায়।


