তৎকাল টিকিট কেনার দীর্ঘ লাইন এবং দালালচক্রের অভিযোগ বহুদিনের। এবার সেই সমস্যাকে দূরে রাখতে রেল কর্তৃপক্ষ বড় পদক্ষেপ নিতে চলেছে। রিজার্ভেশন কাউন্টারে তৎকাল টিকিট কাটতে শীঘ্রই বাধ্যতামূলক করা হবে ওটিপি যাচাই। রেল সূত্রে খবর, এই ব্যবস্থা চালু হলে টিকিট কেনার প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদ।
নতুন নিয়মের অধীনে যাত্রীকে টিকিট কাটার সময় নিজের মোবাইল নম্বর জমা দিতে হবে। সেই নম্বরেই পাঠানো হবে একটি ওটিপি। কাউন্টারের কর্মী সেই ওটিপি যাচাই করলেই মেলে তৎকাল টিকিট। রেলের দাবি, এতে দালালদের মাধ্যমে বহু মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কেটে নেওয়ার প্রবণতা অনেকটাই কমবে।
প্রথমে কয়েকটি ট্রেনে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল এই ব্যবস্থা। পাইলট প্রোজেক্টে যাত্রীদের সাড়া অত্যন্ত ইতিবাচক হওয়ায় ধাপে ধাপে আরও বেশি ট্রেনকে অন্তর্ভুক্ত করা হয়। এখন রেল মন্ত্রকের পরিকল্পনা—সব স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা।
রেলের এক কর্তা জানান, ‘‘তৎকাল টিকিটকে ঘিরে অনিয়ম দীর্ঘদিনের সমস্যা। ওটিপি যাচাইয়ের মাধ্যমে যাত্রীদের প্রকৃত পরিচয় রেজিস্টার করা যাবে। এতে পুরো টিকিটিং সিস্টেম হবে আরও সুরক্ষিত।’’
যাত্রীদের মতে, এই নতুন উদ্যোগে টিকিট কাটতে একটু সময় লাগলেও শেষ মুহূর্তে ‘সঠিক যাত্রী’র হাতে তৎকাল টিকিট পৌঁছনোর সম্ভাবনা বাড়বে।


