শুক্রবার প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB) একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করবে—এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শীর্ষ ব্যাঙ্কের তরফে এ ধরনের কোনও নির্দেশিকা বা ঘোষণা করা হয়নি।
এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ৫০০ টাকার নোট বাতিল বা বন্ধ করার যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো। সরকারি সূত্রের বক্তব্য, বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং নাগরিকরা আগের মতোই নির্বিঘ্নে এই নোটে লেনদেন করতে পারবেন।
সরকারি সংবাদ সংস্থার তরফে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের গুজবে কান না দিতে এবং কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করে নিতে। পিআইবি স্পষ্ট ভাষায় জানিয়েছে,
“৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি। এটি সম্পূর্ণরূপে বৈধ। যে কোনও খবর বিশ্বাস বা ছড়ানোর আগে সর্বদা সরকারি উৎস থেকে তথ্য যাচাই করুন।”


