একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে এসে সংসারকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুখ খুলে চর্চায় মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল।
সম্প্রতি মাইগভ ইন্ডিয়ার সঙ্গে এক আলোচনায় রাহুল জানান, তাঁদের সাত বছরের মেয়ে আরিন রায়ন শর্মা ইতিমধ্যেই প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। কোরিয়ান, জাপানি, থাই এবং চিনা ভাষাও রয়েছে সেই তালিকায়। নিজের কথা বলতে গিয়ে রাহুল মজার ছলে জানান, তিনি নিজেই ইংরেজি ও হিন্দির বাইরে অন্য ভাষায় কথা বলতে গিয়ে সমস্যায় পড়েন। সেখানে তাঁর মেয়ের এই দক্ষতা তাঁকে অবাক করে।
আরিনের এই ভাষা শেখার আগ্রহের পিছনে বাড়ির পরিবেশেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন রাহুল। তাঁদের বাড়িতে নেই টেলিভিশন। মেয়ের হাতে তুলে দেওয়া হয়নি মোবাইল ফোনও। ছোট থেকেই পর্দার বদলে বইয়ের সঙ্গেই পরিচয় আরিনের। রাহুলের কথায়, তাঁদের বাড়িতে বইয়ের সংখ্যা এতটাই বেশি যে মেয়ের স্কুলের তুলনাতেও বাড়িতে বইয়ের সংগ্রহ বেশ সমৃদ্ধ।
আরিন এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। অথচ বাড়িতে রয়েছে অষ্টম ও নবম শ্রেণির বইও। এই প্রসঙ্গে মজা করে রাহুল বলেন, মেয়েকে দশম শ্রেণির পরীক্ষায় বসিয়ে দিলেই বা কী এমন পার্থক্য হবে! তবে মেয়ের পড়াশোনা, ভাষার প্রতি আগ্রহ এবং বেড়ে ওঠার ক্ষেত্রে স্ত্রী অসিনের অবদানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
একই আলোচনায় অসিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসিনকে বিয়ে করা। জীবনের কঠিন সময়ে স্ত্রী যেভাবে পাশে থেকেছেন, তাঁর উপর বিশ্বাস রেখেছেন এবং এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন, সেই কথাও জানান তিনি। রাহুলের কাছে অসিন শুধু স্ত্রী নন, তাঁর জীবনের অন্যতম ভরসার জায়গা।
২০১৬ সালের জানুয়ারিতে রাহুল শর্মার সঙ্গে বিয়ে হয় অসিনের। পরের বছর অক্টোবর মাসে তাঁদের কন্যা আরিনের জন্ম। বিয়ের পর থেকেই অভিনয় ও প্রচারের দুনিয়া থেকে দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী। ‘গজনি’, ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ এবং ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো ছবিতে অভিনয় করে একসময় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এখন অবশ্য তাঁর জীবনের কেন্দ্রবিন্দু পরিবার। আর মেয়েকে বড় করে তোলার ক্ষেত্রে অসিনের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, স্বামীর কথাতেই তা স্পষ্ট।


