চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করে তিহার জেলে যাওয়ার পর থেকেই রাজপাল যাদবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা নিজেই আদালতে জানিয়ে দেন যে তাঁর কাছে টাকা নেই এবং তিনি একা হয়ে গেছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বলিউড ও রাজনীতিমহলে সহানুভূতির ঢেউ ওঠে।
সবচেয়ে আগে রাজপালের পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ। তিনি বলেন, এটা দানের বিষয় নয়, একজন শিল্পীর পাশে দাঁড়ানো উচিত এবং তিনি রাজপালকে নিজের আসন্ন ছবিতে কাজ দেওয়ার আশ্বাসও দেন। এরপর আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বিহারের রাজনীতিবিদ তেজ প্রতাপ যাদব ঘোষণা করেন, রাজপাল যাদবের পরিবারকে তিনি ১১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবেন। পাশাপাশি বিতর্কিত অভিনেতা-সমালোচক কেআরকে (KRK) ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন এবং বলিউড ইন্ডাস্ট্রিকে একসঙ্গে এগিয়ে এসে সাহায্য করার আবেদন জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা—রাজপাল যাদব এত জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও কীভাবে এমন আর্থিক সংকটে পড়লেন এবং বলিউড ইন্ডাস্ট্রি কি সত্যিই তার পাশে দাঁড়াবে কিনা।


