১০ মার্চ থেকে ফর্ম, ২৪ মে জয়েন্ট পরীক্ষা—সূচি প্রকাশ বোর্ডের

Spread the love

রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল West Bengal Joint Entrance Examinations Board। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ মে রবিবার অনুষ্ঠিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সেদিনই একদিনে দু’টি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের জয়েন্ট পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১০ মার্চ থেকে। পরীক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করার শেষ দিন ধার্য করা হয়েছে ৫ এপ্রিল। এরপর আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্যও আলাদা সময় দেওয়া হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম সংশোধনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনেই প্রকাশ করা হবে। ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

২৪ মে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রথম পর্ব শুরু হবে বেলা ১১টায়। ওই সময় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অঙ্কের পরীক্ষা নেওয়া হবে। এরপর দ্বিতীয় পর্বে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে।

রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ডেন্টাল সার্জারি বিভাগের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য প্রতিবছরই এই পরীক্ষা আয়োজন করা হয়। জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকে।

সাধারণত এপ্রিল মাসেই এই পরীক্ষা হয়ে থাকে। তবে এবছর রাজ্যে ভোটের সম্ভাবনা থাকায় পরীক্ষার দিন পিছিয়ে মে মাসে নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মহলের একাংশের মত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *