দুয়ারে চিকিৎসা থেকে ১০ লক্ষ চাকরি—‘প্রতিজ্ঞা’ ইস্তেহারে জনমুখী বড় বার্তা

Spread the love

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনমুখী প্রতিশ্রুতির ঝুলি খুলে দিল তৃণমূল কংগ্রেস। ‘প্রতিজ্ঞা’ নামের ইস্তেহারে সবচেয়ে বড় চমক ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প। রাজ্যের প্রতিটি ব্লক ও টাউনে বছরে অন্তত একবার করে স্বাস্থ্য শিবির আয়োজনের কথা বলা হয়েছে। লক্ষ্য একটাই—সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার’ এই বার্তাকেই সামনে রেখে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার রূপরেখা দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রেও বড়সড় পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। সরকারি স্কুলগুলির সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন করে শিক্ষার মান বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আধুনিক শ্রেণিকক্ষ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পরিকাঠামো উন্নয়ন—সব মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্য স্থির করেছে শাসকদল।

কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নকে হাতিয়ার করে প্রায় ১০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি সামাজিক প্রকল্পগুলির পরিসর বাড়িয়ে আরও বেশি মানুষকে আওতায় আনার কথা বলা হয়েছে, যাতে আর্থিক সুরক্ষা আরও মজবুত হয়।

প্রশাসনিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ক্ষমতায় ফিরে নতুন ৭টি জেলা গঠনের পরিকল্পনা রয়েছে, যা প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করবে বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে কেন্দ্র করে ভোটের আগে মানুষের মন জয়ের লক্ষ্যেই এই ইস্তেহার তৈরি করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *