সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা (ডিএ) প্রদানের কাজ দ্রুত শেষ করতে তৎপর নবান্ন। সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সপ্তাহান্তের ছুটিও বাতিল করা হয়েছে। ফলে আগামী শনিবার ও রবিবারও খোলা থাকবে নবান্নের অ্যাকাউন্টস বিভাগ এবং কর্মীদের উপস্থিত থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ ও ২৯ মার্চ ছুটির দিন হলেও ডিএ সংক্রান্ত বকেয়া কাজ শেষ করার জন্য অফিস চালু রাখা হচ্ছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চের মধ্যেই প্রথম কিস্তির টাকা কর্মচারী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যেই জোরকদমে কাজ চালাচ্ছে প্রশাসন।
ডিএ বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। কর্মচারী সংগঠনের মামলা হাই কোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছয়। অবশেষে শীর্ষ আদালত নির্দেশ দেয়, বকেয়ার অন্তত ২৫ শতাংশ চলতি অর্থবর্ষের মধ্যেই মেটাতে হবে। সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধাপে ধাপে ডিএ মেটানোর কথা ঘোষণা করেন।
এখন নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সময় নষ্ট না করে সপ্তাহান্তেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।


