উৎসবের সাজে বরাবরই নিজের ছাপ রাখতে জানেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারও তার ব্যতিক্রম হল না। গাঢ় বারগান্ডি রঙের জমকালো গাউন, সোনালি কারুকাজ আর খোঁপায় সাদা গজরা—সব মিলিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। পাশে স্বামী নিক জোনাসের পরনেও ছিল ক্রিম ও সাদা রঙের নকশা করা কুর্তা। দু’জনের সাজেই ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।
প্রিয়াঙ্কার গাউনের বিশেষ আকর্ষণ ছিল তার নিখুঁত কারুকাজ। পোশাকের বুক থেকে কোমর পর্যন্ত জারদৌসি, সোনালি সুতো ও পুঁতির কাজ সাজটিকে দিয়েছিল রাজকীয় রূপ। অফ-শোল্ডার করসেট ডিজাইন তাঁর কাঁধ ও গলার সৌন্দর্যকে আরও স্পষ্ট করে তুলেছিল। গলার কাছে ওড়নার আদলে রাখা হালকা কাপড়ের অংশ পোশাকে এনেছিল দেশীয় আমেজ। হাঁটাচলার সঙ্গে বুকের কাছে ঝুলন্ত পুঁতির অলংকারও আলোয় ঝলমল করছিল।
তবে শুধু পোশাক নয়, প্রিয়াঙ্কার সাজের প্রতিটি খুঁটিনাটিতেই ছিল বিশেষ নজর। চুল টেনে নিচু করে খোঁপা করেছিলেন তিনি। সেই খোঁপায় জড়ানো সাদা জুঁই ফুলের গজরা ভারী গাউনের সঙ্গে তৈরি করেছিল দারুণ বৈপরীত্য। কপালে ছোট্ট কুন্দনের মাঙ্গটিকা, হাতে কয়েকটি ব্রেসলেট। ঠোঁটে গাঢ় বেরি রঙের লিপস্টিক, চোখে স্মোকি মেকআপ এবং গালে হালকা সোনালি আভা—অতিরিক্ত গয়না ছাড়াই নজর কেড়েছে তাঁর সাজ।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মডেল উইনি হার্লো, গায়িকা রিয়া রাজ এবং ইউটিউবার লিলি সিং-সহ একাধিক পরিচিত মুখ। ঢোলের তালে জমে উঠেছিল সন্ধ্যা। তবে গোটা আয়োজনের মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন প্রিয়াঙ্কাই।
প্রিয়াঙ্কার এই সাজ থেকে উৎসবের পোশাকের জন্য কয়েকটি বিষয় শিখে নিতে পারেন। ভারী কাজের পোশাকের সঙ্গে আধুনিক কাট বেছে নিলে সাজে আসে নতুনত্ব। বারগান্ডি, রুবি বা পান্না সবুজের মতো গাঢ় রং সোনালি কারুকাজের সঙ্গে বেশ মানানসই। আবার খোঁপায় একমুঠো গজরা সাজকে দিতে পারে অন্য মাত্রা। আর পোশাক যদি বেশি জমকালো হয়, তাহলে গয়না রাখুন হালকা। একটি সুন্দর মাঙ্গটিকাই হয়ে উঠতে পারে গোটা সাজের মূল আকর্ষণ।


