এসআইআরের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে? নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম ৬ জমা দিলেও ‘মিথ্যাঘোষণা’র দায়ে পড়তে হবে না। এমনকি আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন ভোটার হিসেবে আবেদন করায় কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। ফর্ম ৬ ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এমনই অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন।
বিতর্কের সূত্রপাত এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর। তালিকায় নাম না পেয়ে বহু পুরনো ভোটার নতুন করে নাম তোলার আবেদন করার কথা ভাবছেন। কিন্তু সেখানেই তৈরি হয়েছিল আইনি জটিলতার আশঙ্কা। কারণ, নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ফর্ম ৬-এ আবেদনকারীকে নতুন ভোটার হিসেবে ঘোষণা করতে হয়। সেক্ষেত্রে আগে ভোটার থাকা কোনও ব্যক্তি কীভাবে সেই ফর্ম পূরণ করবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।
এমনকী, পুরনো ভোটার হয়েও নতুন ভোটার হিসেবে আবেদন করলে তা মিথ্যাঘোষণা হিসেবে বিবেচিত হতে পারে কি না, সেই আশঙ্কাও দেখা দেয়। এই বিষয়টি নিয়েই সরব হয়েছিলেন বিরোধীরা। কমিশনের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
এবার সেই সংশয় দূর করতে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। আবেদনকারীর নাম আগে ভোটার তালিকায় ছিল কি না, তা এই আবেদনের ক্ষেত্রে বাধা নয়। শুধু এই কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে কমিশন।


