রাজনৈতিক লড়াই এখন চরমে। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই শাসক শিবির একপ্রকার মাঠ দখল করে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা প্রচারে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সরগরম।
তবে এতদিন কিছুটা ধীর গতিতে চলা বিজেপি এবার বড় চাল দিতে চলেছে। সূত্রের খবর, খুব শিগগিরই বাংলার মাটিতে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই প্রচারের সূচনা হতে পারে উত্তরবঙ্গ থেকেই।
শোনা যাচ্ছে, আলিপুরদুয়ারে আগামী ৫ এপ্রিল জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গকে বেছে নেওয়ার পিছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক হিসাব। ২০২১ সালের বিধানসভা ভোটে এই অঞ্চলেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিল বিজেপি। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে সেই ছবিতে বদল আসে, তৃণমূল অনেক জায়গায় এগিয়ে যায়।
ফলে এবার উত্তরবঙ্গ বিজেপির কাছে শুধু গুরুত্বপূর্ণ নয়, একপ্রকার মর্যাদার লড়াই। সেই হারানো জমি ফের দখল করতেই মোদির এই আগাম ঝাঁপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, তৃণমূলও কিন্তু একচুল জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে রোড শো করে শক্তি প্রদর্শন করেছেন। নতুন প্রার্থী ও সংগঠনের জোরে উত্তরবঙ্গে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা চলছে।
সব মিলিয়ে উত্তরবঙ্গ এখন ছাব্বিশের ভোটের মূল কেন্দ্রবিন্দু। মোদির সভা সেই লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।


