শেষ মুহূর্তে বড় মোড়। দু’দফায় নয়, একদফাতেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সমস্ত বকেয়া ৩১ মার্চের মধ্যেই পরিশোধ করা হবে।
আগে নবান্ন জানিয়েছিল, এই টাকা দু’দফায় দেওয়া হবে—মার্চ ও সেপ্টেম্বর। কিন্তু আচমকাই সেই সিদ্ধান্ত বদলে এককালীন মেটানোর পথে হাঁটল প্রশাসন। ফলে স্বস্তিতে লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্তরা।
ইতিমধ্যেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে। প্রশাসনিক সূত্রের খবর, খুব দ্রুতই—সম্ভবত দু’দিনের মধ্যেই—অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত ও পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। অন্যদিকে, বাকি কর্মীদের প্রাপ্য অর্থ জমা পড়বে জিপিএফ অ্যাকাউন্টে।
তবে জিপিএফ-এর টাকায় রয়েছে শর্ত। সাধারণ নিয়মে দু’বছরের আগে সেই অর্থ তোলা যাবে না। যদিও বিশেষ ক্ষেত্রে—অবসর, চাকরি ত্যাগ বা মৃত্যু—সঙ্গে সঙ্গেই টাকা তোলার সুযোগ থাকবে।
উল্লেখ্য, আগে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ধাপে ধাপে মেটানোর কথা বলা হয়েছিল। সেই পরিকল্পনার প্রথম ধাপেই এবার একসঙ্গে পুরো টাকা মেটানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।


