ভোটের মুখে তল্লাশি বিতর্ক! কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি অভিষেকের

Spread the love

ভোটের মুখে ফের বিতর্কে রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ ঘিরে তীব্র প্রশ্ন উঠল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটকে কেন্দ্র করে এই বিতর্ক ছড়িয়েছে।
এই প্রসঙ্গে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, একটি হোয়াটসঅ্যাপ নির্দেশের ভিত্তিতে তাঁর এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির কথা বলা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রশ্ন তোলেন, কেন এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে, অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়।
ভোটের আগে ভার্চুয়াল বৈঠকে দলের প্রার্থী, সাংসদ, জেলা নেতৃত্ব ও বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, এখন কোনও মতভেদ বা ইগোর সময় নয়, সবাইকে একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে। এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। তবে এই চাপ তৃণমূলকে আরও শক্তিশালী করে তুলবে বলেও দাবি করেন তিনি।
২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *