পুজোর রং করা রাস্তায় বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ শুভেন্দুর! কাঠগড়ায় শহর সৌন্দর্যায়ন

Spread the love

 

পুজোর আগে কলকাতার উড়ালপুল সাজাতে গিয়ে বিপত্তি! বৃষ্টির পর রং করা রাস্তায় একের পর এক মোটরবাইক পিছলে পড়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিংড়িহাটা উড়ালপুলের দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে রাস্তার নিরাপত্তা নিয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে রং করা রাস্তায় একাধিক বাইক দুর্ঘটনার ঘটনা সামনে আসে বলে অভিযোগ। শুধু চিংড়িহাটা নয়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও গড়িয়াহাট উড়ালপুলে রাস্তার উপর রংয়ের প্রলেপ দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী তৃণমূল ও কংগ্রেসের অভিযোগ, পুজোর আগে শহরকে সাজানোর নামে রাস্তার উপর রং করার ফলে বৃষ্টিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মোটরবাইক চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিতর্কের মধ্যেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তায় অ্যান্টি-স্কিড রং ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, এই ধরনের রং ব্যবহারের পরেও কেন বাইক পিছলে পড়ল, তা খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রংয়ের কারণে চালকদের চোখে সমস্যা হচ্ছে কি না, সেই অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হবে।

অভিযোগ সামনে আসার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা। রাস্তায় রংয়ের কারণে পিচ্ছিল পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

পুজোর আগে শহরকে নতুন সাজে সাজানোর উদ্যোগ এখন পথনিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে। রং যদি সত্যিই অ্যান্টি-স্কিড হয়, তা হলে বৃষ্টির পর দুর্ঘটনার অভিযোগ উঠল কেন? রাস্তার নকশা, রংয়ের প্রয়োগ নাকি অন্য কোনও কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তার উত্তর মিলবে তদন্তের পরেই। আপাতত শহর সাজানোর উদ্যোগের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *