এবার ইউটিউবেও সলমন খানের রাজত্ব!

Spread the love

বড় পর্দা থেকে টেলিভিশন, তার পর সোশ্যাল মিডিয়া—এ বার ডিজিটাল দুনিয়ার আরও এক নতুন মঞ্চে পা রাখলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। নিজের নামে ইউটিউব চ্যানেল খুললেন অভিনেতা। শুক্রবার, ৯ অক্টোবর, এই নতুন যাত্রার সূচনা হতেই অনুরাগীদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। চ্যানেল চালু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ১৪ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার জুটে যায় তাঁর নতুন ইউটিউব ঠিকানায়।

নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নতুন চ্যানেলের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সলমন। সেখানে একটি ছোট ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে প্রথমে ইংরেজি বর্ণমালা আবৃত্তি করতে দেখা যায় অভিনেতাকে। তার পরেই নতুন চ্যানেলের ভাবনা সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। তাঁর বার্তা থেকে স্পষ্ট, এই ইউটিউব চ্যানেল কোনও একটি নির্দিষ্ট ধরনের কনটেন্টে সীমাবদ্ধ থাকবে না।

তবে ঠিক কী ধরনের ভিডিও দেখা যাবে সলমনের এই নতুন চ্যানেলে, তা নিয়ে এখনও কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। সিনেমার প্রচার, ব্যক্তিগত মুহূর্ত, বিনোদনমূলক ভিডিও নাকি একেবারে অন্য কোনও চমক—কী নিয়ে হাজির হন ভাইজান, এখন সেটাই দেখার অপেক্ষা।

বহু বছর ধরে বড় পর্দায় নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন সলমন খান। টেলিভিশনেও তাঁর উপস্থিতি দর্শকদের কাছে যথেষ্ট পরিচিত। এ বার ইউটিউবের মাধ্যমে সরাসরি অনুরাগীদের কাছে পৌঁছনোর নতুন পথ খুললেন তিনি। চ্যানেলের শুরুতেই যে সাড়া মিলেছে, তাতে আগামী দিনে এই ডিজিটাল মঞ্চেও সলমনের জনপ্রিয়তা কতটা ছড়ায়, তা নিয়ে আগ্রহ বাড়ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *