ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির তলব, সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত জাহান; সঙ্গে যশ

Spread the love

ফ্ল্যাট দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের পর বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান। সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে তিনি ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত। সাদা সালোয়ার পরে ইডি দপ্তরে ঢুকতে দেখা যায় অভিনেত্রীকে। মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ। গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি তদন্তকারী সংস্থার দপ্তরে প্রবেশ করেন। রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন এই হাজিরা ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। প্রথমদিকে জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্রের ভিত্তিতে রেশন দুর্নীতি মামলার তদন্তে নুসরতের নাম উঠে এসেছে। বসিরহাটের সাংসদ থাকার সময় বাংলাদেশে গম পাচার সংক্রান্ত কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে তলব করা হয়েছে বলে খবর ছিল। তবে পরে জানা যায়, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছে, সেই ফ্ল্যাট দুর্নীতি মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

তদন্তকারী সূত্রে খবর, যে সংস্থা ফ্ল্যাট প্রকল্পটি তৈরি করেছিল, সেখানে ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন নুসরত জাহান। গত কয়েক মাস ধরে তদন্ত চালিয়ে বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছে ইডি। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে আরও জানা যায়, প্রথমে নির্দিষ্ট দিনে কলকাতায় হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন নুসরত। তিনি জানিয়েছিলেন, ওই সময় তিনি দিল্লিতে থাকবেন। তাই দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদের আর্জিও জানান। তবে সেই আবেদন খারিজ করে কলকাতার সিজিও কমপ্লেক্সেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *