শেষ দফার ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। ২৯ এপ্রিল ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল। এই সময়েই দলের পাশে দাঁড়াতে একাধিক বিরোধী নেতা রাজ্যে আসছেন।
রবিবার কলকাতায় সভা করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি জনসভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার থেকেই শুরু হচ্ছে জোর প্রচার। আরজেডি নেতা তেজস্বী যাদব বরাহনগর, জোড়াসাঁকো ও দক্ষিণ কলকাতায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।
একই দিনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও নামছেন তৃণমূলের প্রচারে। ভদ্রেশ্বর ও শ্রীরামপুরে তাঁর সভা করার কথা রয়েছে।
২৭ এপ্রিল প্রচারের শেষ দিন। তার আগে এই তারকাখচিত প্রচার যে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলবে, তা বলাই যায়।


