সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (ওএসএম) নিয়ে বিতর্কের মধ্যেই ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই সাক্ষাতের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় কটাক্ষ ছুড়ে দেন তিনি। লেখেন, “আমার মতোই দেশবিরোধী ১৭ বছরের পড়ুয়াদের সঙ্গে কথা বললাম।”
সম্প্রতি সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর থেকেই নতুন ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু ছাত্রছাত্রী অভিযোগ করেছেন, তাঁদের প্রাপ্ত নম্বর প্রত্যাশার তুলনায় অস্বাভাবিকভাবে কম। কেউ দাবি করেছেন, উত্তরপত্রের সব পৃষ্ঠা মূল্যায়ন করা হয়নি। আবার কারও অভিযোগ, স্ক্যান করা উত্তরপত্রে অস্পষ্টতা ছিল বা নম্বর গণনায় ভুল হয়েছে।
এছাড়া রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও একাধিক সমস্যার কথা সামনে এসেছে। সার্ভার বিভ্রাট, পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত সমস্যা এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নে অসঙ্গতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
এই সমস্ত অভিযোগ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হওয়া কিছু পড়ুয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। তাঁদের একাংশকে ‘দেশবিরোধী’, ‘ডিপ স্টেট’ বা ‘জর্জ সোরোসের এজেন্ট’ বলে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য শোনেন রাহুল গান্ধী। তাঁর দাবি, পরীক্ষার্থীদের ন্যায্য প্রশ্ন ও উদ্বেগকে গুরুত্ব দেওয়া উচিত, রাজনৈতিক তকমা দেওয়া নয়।
সিবিএসই এখনও পর্যন্ত অভিযোগগুলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া না দিলেও, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।


