ভারতের সঙ্গে ওমানের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে কার্যকর হল দুই দেশের সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA)। কেন্দ্রের আশা, এই চুক্তির ফলে ওমানের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ আরও সহজ হবে এবং রফতানির নতুন দিগন্ত খুলবে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই চুক্তি শুধু বাণিজ্য বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর মতে, ভারতীয় উৎপাদক, কৃষক, মৎস্যজীবী, শিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা সরাসরি এর সুফল পাবেন।
মোদি সরকারের লক্ষ্য আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের উপস্থিতি আরও শক্তিশালী করা। সেই কৌশলের অংশ হিসেবেই ওমানের সঙ্গে এই বাণিজ্য চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র। ১ জুন থেকে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক আদান-প্রদান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।


