রণবীরকে নিয়ে বিতর্কে মুখ খুললেন অরুণ গোভিল, ‘রাম’ হিসেবে এখনও মানুষ আমাকে মনে রেখেছে

Spread the love

নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবী অভিনয় করছেন। সম্প্রতি ছবির প্রথম টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তুলনা।

এই প্রসঙ্গেই মুখ খুলেছেন রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এর রাম, অরুণ গোভিল। রণবীর কাপুরের লুক ও অভিনয় নিয়ে যে সমালোচনা ও তুলনা চলছে, তার কারণ হিসেবে তিনি নিজের অভিনয়ের দীর্ঘস্থায়ী প্রভাবের কথাই উল্লেখ করেছেন।

অরুণ গোভিল বলেন, “হয়তো আমার অভিনয়ই মানুষের কাছে রামের মানদণ্ড হয়ে গিয়েছে। আজও মানুষের হৃদয় ও মনে সেই রাম বেঁচে আছে। অনেকেই অন্য কাউকে রামের চরিত্রে দেখতে চান না। এখনও দেশের বিভিন্ন প্রান্তে মেলা বা ধর্মীয় অনুষ্ঠানে রামের ছবি বিক্রি হলে সেখানে আমার মুখই ব্যবহার করা হয়। তাই অন্য কোনও অভিনেতার রাম চরিত্রে অভিনয় নিয়ে মন্তব্য করা আমার ঠিক মনে হয় না।”

উল্লেখ্য, রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ অরুণ গোভিলের রাম, দীপিকা চিকলিয়ার সীতা এবং সুনীল লাহরির লক্ষ্মণের চরিত্র আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সম্প্রচারের বহু বছর পরেও ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল পৌরাণিক সিরিজ হিসেবে বিবেচিত হয়।

এদিকে লস অ্যাঞ্জেলসে আয়োজিত ‘রামায়ণ’-এর টিজার উন্মোচন অনুষ্ঠানে রণবীর কাপুর জানান, ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। ভগবান রামের পাশাপাশি তাঁকে পরশুরামের ভূমিকাতেও দেখা যাবে।

নমিত মালহোত্রা প্রযোজিত এবং নিতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা প্রজেক্টটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম পর্ব দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা।

ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও অরুণ গোভিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রবি দুবে, লারা দত্ত, রাকুল প্রীত সিংহ-সহ একাধিক তারকা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *