অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন বিতর্ক। ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানের হিসাব নিয়ে প্রশ্ন তুলে সরাসরি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রবিবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অখিলেশের অভিযোগ, রামমন্দিরে ভক্তদের দেওয়া বিপুল অঙ্কের দানের টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বিষয়টি কোনও সাধারণ আর্থিক অনিয়মের অভিযোগ নয়, বরং কোটি কোটি রামভক্তের বিশ্বাসের সঙ্গে জড়িত।
সোশ্যাল মিডিয়ায় অখিলেশ লেখেন, “বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক খবর। মন্দিরে দান করা কোটি কোটি টাকার কোনও স্পষ্ট হিসাব মিলছে না। এই ঘটনা ট্রাস্টের জন্যও অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক।”
এর পাশাপাশি তিনি দেশের আদালতের কাছে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করার আবেদন জানান। তাঁর বক্তব্য, ভক্তদের অর্থ নিয়ে যদি কোনও ধরনের অনিয়ম হয়ে থাকে, তাহলে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “এই বিষয়ে নীরবতা আরও সন্দেহ বাড়াচ্ছে।”
অখিলেশের অভিযোগের পর সুর চড়িয়েছে সমাজবাদী পার্টিও। দলের মিডিয়া সেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রামমন্দির নির্মাণ ও পরিচালনার জন্য এখনও পর্যন্ত কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ কোথায় খরচ হয়েছে, তার বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দল।
বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অন্যতম প্রধান দীনেন্দ্র দাস। তিনি বলেন, “আমাদের শ্রীরামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। যদি কোনও ভুল বা অনিয়ম হয়ে থাকে, তাহলে ভগবান রাম নিজেই তার বিচার করবেন। তিনিই দোষীদের শাস্তি দেবেন।”
তবে অখিলেশ যাদবের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তদন্ত বা আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি। ফলে অভিযোগ-প্রত্যাঘাতের আবহে রামমন্দিরের অনুদান বিতর্ক এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।


