বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন। মুম্বইয়ে বক্তব্য রাখার সময় তিনি মোদিকে বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ী ও ‘জ্ঞানী নেতা’ হিসেবে উল্লেখ করেন।
দিল্লিতে একদিন আগে মোদির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে দে ওয়েভার বলেন, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে মোদির নেতৃত্বের ধরন তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তাঁর মতে, মোদি কথা বললে আতঙ্ক বা হুমকির পরিবর্তে নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়।
দে ওয়েভার আরও বলেন, গত দুই দশকে ভারতের অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক প্রভাবের ব্যাপক পরিবর্তন হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত এখন দ্রুতবর্ধনশীল অর্থনীতি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত শক্তি হয়ে উঠেছে।
তিনি জানান, ভারতের সঙ্গে বেলজিয়ামের সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায় তাঁর দেশ। প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং কৌশলগত সরবরাহ শৃঙ্খলের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মোদির সঙ্গে বৈঠকের পর ভারত ও বেলজিয়াম আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


