লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্ক এখনও থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হচ্ছে। এবার কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। ইতিমধ্যেই তাঁর তরফে জুঁই বিশ্বাসকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে শতদ্রুর অভিযোগ, অনুষ্ঠানের দিন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিক সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিলেন জুঁই বিশ্বাস। এর ফলে নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং গোটা আয়োজনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। আয়োজকদের দাবি, এই ঘটনার জেরে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার জন্যই মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস। তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। যদিও বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। মেসি-ইভেন্টে বিশৃঙ্খলার অভিযোগ তুলে এর আগেই অরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছিলেন শতদ্রু দত্ত।
এবার সেই বিতর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। আইনি নোটিসে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আদালতের দ্বারস্থ হয়ে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
মেসির সফর ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন রাজনৈতিক এবং আইনি দুই ক্ষেত্রেই নতুন মাত্রা পেতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


