গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

Spread the love

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে।

গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ করে রাজ্য সরকার। প্রস্তাবিত আইনে জননিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে হওয়া কোনও ব্যক্তিকে অপরাধ সংঘটনের আগেই আটক রাখার সুযোগ রাখা হয়েছিল। পরিস্থিতি অনুযায়ী এই প্রতিরোধমূলক আটক সর্বোচ্চ এক বছর পর্যন্ত হতে পারে।

শুধু তাই নয়, সমাজবিরোধী কার্যকলাপের পরিধিও এই বিলে অনেকটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তোলাবাজি, সিন্ডিকেটের মাধ্যমে বেআইনি কারবার, জোর করে জমি বা বাড়ি দখল, নদী থেকে বেআইনি বালি তোলা কিংবা অবৈধ খনির মতো কর্মকাণ্ডকে এর আওতায় আনার কথা বলা হয়। সরকারি সম্পত্তি নষ্ট করার ক্ষেত্রে ক্ষতির পরিমাণের দ্বিগুণ পর্যন্ত জরিমানা বা ক্ষতিপূরণের ব্যবস্থার কথাও বিলে ছিল।

রাষ্ট্রপতির দফতর থেকে বিলটি ফেরানোর ক্ষেত্রে মূল আপত্তি উঠেছে মাদক সংক্রান্ত অপরাধের অংশ নিয়ে। কেন্দ্রের বক্তব্য, ওই অংশের সঙ্গে ১৯৮৫ সালের Narcotic Drugs and Psychotropic Substances Act-এর বিধানের সংঘাত তৈরি হতে পারে। একই ধরনের অপরাধের ক্ষেত্রে কেন্দ্রীয় আইনে ইতিমধ্যেই পৃথক আইনি ব্যবস্থা রয়েছে বলেই এই আপত্তি।

তবে রাষ্ট্রপতির কাছে থেকে বিল ফেরত আসা মানেই প্রস্তাবটি পুরোপুরি শেষ হয়ে যাওয়া নয়। আপত্তির জায়গাগুলি সংশোধন করে রাজ্য সরকার ফের বিধানসভায় বিলটি আনতে পারে। এরপর সংশোধিত বিল আবার অনুমোদনের জন্য পাঠানোর সুযোগও রয়েছে।

বিলটি নিয়ে এর আগেও আইনি প্রশ্ন উঠেছিল। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হলেও আদালত জানিয়েছিল, রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়া পর্যন্ত বিলটি কার্যকর আইন হিসেবে গণ্য হচ্ছে না।

রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে লেখেন, “ডবল ইঞ্জিন শুধু পোস্টারেই। প্রশাসনের ক্ষেত্রে শুধুই রিভার্স গিয়ার।” তাঁর বক্তব্য, বিলটি সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *