ধর্মঘটেও SBI গ্রাহকদের স্বস্তি, অন্য ব্যাঙ্কের ATM থেকেও মিলবে ফ্রি নগদ তোলার সুবিধা

Spread the love

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন। মাসের শেষের দিকে টানা তিনদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেই গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

ধর্মঘটের দিনগুলিতে SBI গ্রাহকরা অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করেও নগদ টাকা তুলতে পারবেন। এই সময় ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। এমনকী সাধারণ নিয়মে নির্ধারিত মাসিক ফ্রি লেনদেনের সীমা অতিক্রম করলেও ধর্মঘট চলাকালীন ATM ব্যবহারের জন্য অতিরিক্ত ফি গুনতে হবে না।

শুধু ATM পরিষেবাই নয়, SBI-এর UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মতো ডিজিটাল পরিষেবাগুলিও স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে শাখা বন্ধ থাকলেও অনলাইনেই একাধিক জরুরি ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়া যাবে।

তবে চেক জমা, ডিমান্ড ড্রাফট তৈরি কিংবা ঋণ সংক্রান্ত কোনও কাজ থাকলে তা ধর্মঘটের আগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ধর্মঘটের জেরে শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে।

দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে আন্দোলন করে আসছেন ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের ধর্মঘটও পালন করা হয়েছিল। এবার ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে মাসের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের যাতে নগদ লেনদেন নিয়ে বড় সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই SBI-এর এই অতিরিক্ত ATM সুবিধা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *