কয়েক মাস ধরেই দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে অন্ধ্রপ্রদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। কডাপা জেলার এক বাসিন্দার কোভিডে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রশাসন তৎপর হয়ে উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ, সংক্রমণের জেরে ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এরই মধ্যে কডাপা ও তিরুপতি মিলিয়ে আরও পাঁচজনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। প্রত্যেককে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। পাশাপাশি তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ ধরা পড়া এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে-সহ প্রতিরোধমূলক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ঘটনার পরই রাজ্যের চিকিৎসা শিক্ষা দফতর সমস্ত সরকারি হাসপাতালকে প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আইসোলেশন বেড, আইসিইউ, অক্সিজেন, ভেন্টিলেটর, ওষুধ, পরীক্ষার কিট, অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসাকর্মীর উপলব্ধতা সম্পর্কে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে। আপাতত আতঙ্কের কারণ না থাকলেও, সম্ভাব্য পরিস্থিতির জন্য আগেভাগেই স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রের দাবি।


