হাই কোর্টে ধাক্কা অভিষেকের, ডিজে মামলায় ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে

Spread the love

ডিজে মন্তব্য মামলায় শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে আদালতের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। প্রয়োজনে মামলাও খারিজ করে জরিমানা করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শুনানির সময় বিচারপতি বলেন, বিভিন্ন এজলাসে আলাদা মামলা করে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর প্রশ্ন ছিল, “কবে কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুরই একটা সীমা আছে।” তিনি আরও জানান, সংবিধানের ২২৬ ধারায় যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তার অন্যতম শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা।

অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য নিজের বলেই স্বীকার করেছেন। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ জারির আগে তাঁর বক্তব্য শোনা হয়নি এবং সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হয়েছিল। বিচারপতির পর্যবেক্ষণের পর সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।

এরপর আদালতে জানানো হয়, আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী নিরাপত্তার আবেদন জানিয়ে বলেন, নমুনা দিতে যাওয়ার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আদালত জানিয়ে দেয়, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *