বাসে টিকিট কাটতে গিয়ে খুচরো না থাকায় কন্ডাক্টরের হাতে অপদস্থ হতে হল খোদ কর্নাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশকে। ছদ্মবেশে সরকারি বিএমটিসি বাসে সফরের সময় তাঁকে কন্ডাক্টর সাফ জানিয়ে দেন, “খুচরো না থাকলে বাস থেকে নেমে যান।” শেষ পর্যন্ত পরিচয় গোপন রেখেই বাস থেকে নেমে যান মন্ত্রী। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার মুখে মাস্ক পরে প্রায় দু’ঘণ্টা বেঙ্গালুরুর বিভিন্ন রুটে বাসে ঘুরে পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখছিলেন পরিবহণমন্ত্রী। হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটে বাসে ওঠার পর টিকিট কাটতে ১০০ টাকার নোট দেন তিনি। কন্ডাক্টর খুচরো চাইলে মন্ত্রী জানান, তাঁর কাছে ভাঙতি নেই। এরপরই কন্ডাক্টর তাঁকে বাস থেকে নেমে যেতে বলেন। কিছুক্ষণ বচসার পর পরিচয় প্রকাশ না করেই নেমে যান সুরেশ।
পরবর্তীতে গোটা ঘটনার রিপোর্ট সরকারের কাছে পৌঁছলে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের মন্তব্য, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার বাস্তব চিত্র এবার নিজের চোখেই দেখলেন পরিবহণমন্ত্রী।


