আইনি ও আর্থিক সমস্যার জাল যেন আরও ঘন হচ্ছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের জীবনে। ৯ কোটির চেক বাউন্স মামলায় কারাদণ্ডের রায়ের পর এবার বিপাকে পড়েছেন কোটি টাকার ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করতে পারায়। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাঁর পৈতৃক বাড়িতে নিলামের নোটিস জারি করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
জানা গিয়েছে, মুম্বইয়ের একটি শাখা থেকে অভিনেতা তাঁর স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরীর নামে প্রায় ১৬.৬১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই ঋণের বকেয়া পরিশোধ না হওয়ায় ব্যাঙ্ক আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও একই কারণে নিলামের নোটিস দেওয়া হয়েছিল। পরে ব্যাঙ্ক ও অভিনেতার মধ্যে সমঝোতা হওয়ায় বিষয়টি সাময়িকভাবে মিটে যায়। কিন্তু পরবর্তীতেও ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ না হওয়ায় ফের নোটিস জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ব্যাঙ্ক সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মিটিয়ে না দিলে আগামী ৯ সেপ্টেম্বর সম্পত্তিটি নিলামে তোলা হতে পারে। তবে রাজপাল যাদবের পরিবারের দাবি, ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। অভিনেতার বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছেন, সম্পত্তি নিলাম নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি ৯ কোটির চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সেই বিতর্কের মধ্যেই নতুন এই ঋণ-সংক্রান্ত জটিলতা অভিনেতার আর্থিক সংকটকে আরও সামনে নিয়ে এল।


