রাম মন্দিরের অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে এবার সরাসরি দিল্লির রাজপথে সাধু-সন্তরা। সোমবার প্রায় ৫০০ জন সাধু ও ধর্মীয় প্রধানের মিছিল পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অভিমুখে। প্রকাশানন্দ গিরি মহারাজের নেতৃত্বে মান্ডি হাউসের কাছে নেপাল দূতাবাসের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা।
সাধু সমাজের অভিযোগ, শ্রীরামের মন্দিরের জন্য দেশ-বিদেশের ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানে গুরুতর অনিয়ম হয়েছে। তাঁদের দাবি, এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হলে ভক্তদের বিশ্বাস এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে।
তাঁদের স্পষ্ট দাবি—রাম মন্দিরের অনুদান নিয়ে অভিযোগের তদন্তে SIT বা বিশেষ তদন্তকারী সংস্থা নামাতে হবে। পাশাপাশি মন্দির ট্রাস্টের আর্থিক ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও তুলেছেন তাঁরা।
অনুদানকাণ্ড নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সংসদের ভিতরেও এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর চলছে। তার মধ্যেই ৫০০ সাধুর দিল্লি অভিযান রাম মন্দিরের অনুদান বিতর্ককে ফের জাতীয় রাজনীতির কেন্দ্রে এনে দিল।


