দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে জেমিমা-আমনজোত, ব্রাত্য শ্রেয়াঙ্কা

Spread the love

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ভারতীয় দলে ফিরছেন জেমিমা রডরিগেজ ও আমনজোত কৌর। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে ফের একবার দলে জায়গা পেলেন না অফস্পিনার অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল।

হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন জেমিমা। অন্যদিকে পিঠের চোট কাটিয়ে সুস্থ হয়েছেন আমনজোত। সম্প্রতি সিনিয়র মহিলা টি-২০ ট্রফিতে নিজেদের দলের হয়ে মাঠে ফিরেছেন দু’জনেই। মুম্বইয়ের হয়ে নকআউট পর্বে নেতৃত্ব দিতে চলেছেন জেমিমা। গ্রুপ পর্বে পঞ্জাবের অধিনায়ক ছিলেন আমনজোত। এবার জাতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় খেলতে দেখা যাবে তাঁদের। তিন ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন জেমিমা। তবে আমনজোতকে রাখা হয়েছে শুধুমাত্র টি-২০ দলে। ইংল্যান্ড সফরে জুলাই মাসে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন জেমিমা। আমনজোত জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ফেব্রুয়ারিতে।

অন্যদিকে শ্রেয়াঙ্কা পাটিলকে ফের দলে না রাখায় প্রশ্ন উঠছে। জিম্বাবোয়ে সফরের টি-২০ দলেও বাদ পড়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছিলেন মিন্নু মণি। যদিও জিম্বাবোয়ে সিরিজে একটিও ম্যাচ খেলেননি মিন্নু। দক্ষিণ আফ্রিকা সফরের কোনও ফরম্যাটের দলেই জায়গা হয়নি তাঁর। অথচ শ্রেয়াঙ্কা এশিয়ান গেমসে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি ফাইনালে ৯ রানে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিনিয়র মহিলা ট্রফিতেও কর্ণাটকের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়াঙ্কা। ছ’টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে দু’টি পাঁচ উইকেট। তাঁর পারফরম্যান্সের পরেও জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সিনিয়র মহিলা ট্রফির সুপার লিগে কর্ণাটক খেলবে বরোদা, দিল্লি ও বিদর্ভের বিরুদ্ধে। অন্য গ্রুপে রয়েছে মহারাষ্ট্র, মুম্বই, অন্ধ্র ও রেলওয়েজ। দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে উঠবে।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের দলে সহ-অধিনায়কত্ব বজায় রেখেছেন দীপ্তি শর্মা। টি-২০ দলে স্মৃতি মান্ধানার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেফালি ভার্মা। সম্প্রতি একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া অসমের অলরাউন্ডার জিন্তিমণি কলিতাকেও টেস্ট ও একদিনের দলে রাখা হয়েছে।

ভারতের টেস্ট দল: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমিমা রডরিগেজ, হরলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রী চরাণী, স্নেহ রানা, গৌড়, নন্দনী, জিন্তিমণি কলিতা, সাতঘরে।

ভারতের একদিনের দল: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমিমা রডরিগেজ, হরলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রী চরাণী, বৈষ্ণবী, গৌড়, নন্দনী, জিন্তিমণি কলিতা, সাতঘরে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *