বলিউডে এবার অক্ষয় কুমারের বিপরীতে বাংলার রুক্মিণী মৈত্র! জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল নতুন হিন্দি ছবি ‘শামুক’-এর। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের অভিনেত্রী। ফলে রুক্মিণীর কেরিয়ারে খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
‘সানরাইজ পিকচার্স’-এর তরফে ছবির ঘোষণা হতেই নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর ভাগ করে নিয়েছেন রুক্মিণী। আপাতত ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কাজের সূত্রে বেশির ভাগ সময়ই মুম্বইয়ে থাকতে হচ্ছে তাঁকে। এমনকী, শুটিংয়ের ব্যস্ততায় পুজোও কেটেছে কাজের মধ্যেই। যদিও নতুন এই প্রজেক্ট নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি।
তবে বলিউডে রুক্মিণীর সফর একেবারে নতুন নয়। এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবার অক্ষয় কুমারের বিপরীতে কাজের সুযোগ নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন। টলিউডে বরাবরই বেছে বেছে কাজ করেন রুক্মিণী। চরিত্রের বৈচিত্র্য এবং নতুন ধরনের অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। সেই জায়গা থেকেই ‘শামুক’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ।
২০২৫ সালে মুক্তি পেয়েছিল রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’। ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে বাবা-মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবির পর এবার সম্পূর্ণ অন্য ঘরানার সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। অ্যাকশন ও সায়েন্স ফিকশন নির্ভর ‘শামুক’-এ রুক্মিণীর চরিত্র ঠিক কতটা চমক তৈরি করে, তা জানতে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত।


