দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য কম্পিউটিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, দেশের উন্নয়নের সুফল যেন শুধু বড় শহরে সীমাবদ্ধ না থাকে। গ্রাম ও ছোট শহরের মানুষও যাতে আর্থিক পরিষেবা এবং উন্নয়নের সমান সুযোগ পান, তা নিশ্চিত করা প্রয়োজন। তাঁর দাবি, বর্তমানে মানুষ দিন-রাতের যেকোনও সময় ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন। ছোট ব্যবসায়ী, কারিগর, ফুটপাতের বিক্রেতা এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও আনুষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বেড়েছে।
ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, আগে দরিদ্র, মধ্যবিত্ত এবং মহিলাদের জন্য ঋণ পাওয়া সহজ ছিল না। ধনী ও প্রভাবশালীদের কাছেই ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ বেশি ছিল বলে অভিযোগ করেন তিনি। ২০১৪ সালের পর ব্যাঙ্কিং পরিষেবার পরিধি বেড়েছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার আরও সহজলভ্য হয়েছে বলেও দাবি করেন মোদী।
প্রধানমন্ত্রী জানান, গত দশকে ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত মানুষকে এই ব্যবস্থার আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দশকে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও দক্ষ, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলাই হবে মূল লক্ষ্য।
ওডিশার ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আশাবাদী মোদী। খনি শিল্প থেকে মাইক্রোচিপ উৎপাদন—বিভিন্ন ক্ষেত্রে রাজ্যটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে তিনি জানান। এর ফলে ওডিশার যুবসমাজের সামনে কর্মসংস্থান ও প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী ও নির্ভরযোগ্য পরিকাঠামো অপরিহার্য। নতুন ডেটা সেন্টারে RBI-এর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা, যার মধ্যে RTGS ও NEFT-এর মতো আর্থিক লেনদেনের পরিকাঠামো রয়েছে, রাখা হবে। অন্যদিকে, সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সাইবার সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করা, সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার উপর RBI গুরুত্ব দিচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে এই ধরনের প্রযুক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি উল্লেখ করেন।


