মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব, পুয়ের্তো রিকোর পথে কাজিয়াহ লিজ মেজো

Spread the love

মিস ইউনিভার্সের ৭৫তম সংস্করণে ভারতের হয়ে লড়াই করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা দিলেন কাজিয়াহ লিজ মেজো। বিমানবন্দরে তাঁর বিদায়ের ছবি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে তরুণী সুন্দরীর রাজকীয় সাজ। ভারতীয় ঐতিহ্যকে সঙ্গী করেই আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন ১৯ বছর বয়সি এই প্রতিযোগী।

ইনস্টাগ্রামে কাজিয়াহর বিমানবন্দরের ছবি ভাগ করে নিয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া কর্তৃপক্ষ। ছবিতে মেরুন রঙের কারুকাজ করা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে মানানসই ব্লাউজ, গলায় ভারী নেকলেস, কানে ঝলমলে দুল এবং হাতে চুড়ি। খোলা কোঁকড়ানো চুলের সঙ্গে মাথায় ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। বিমানবন্দরে নিজের দলের সঙ্গে ছবি তোলার পাশাপাশি হাতে ভারতের জাতীয় পতাকা নিয়েও ক্যামেরার সামনে পোজ দেন কাজিয়াহ।

তাঁর যাত্রার ছবি পোস্ট করে মিস ইউনিভার্স ইন্ডিয়ার তরফে লেখা হয়েছে, একজন রানি শুধু মুকুট বহন করেন না, বহন করেন একটি দেশের স্বপ্ন ও আশা। ঐতিহ্যের সাজে গর্বের সঙ্গে পুয়ের্তো রিকোর পথে পা বাড়িয়েছেন ভারতের এই সুন্দরী।

কাজিয়াহর আগমন নিয়ে উচ্ছ্বসিত পুয়ের্তো রিকোর পর্যটন সংস্থা ডিসকভার পুয়ের্তো রিকোও। তাদের তরফে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘স্বাগত, মিস ইন্ডিয়া! আপনাকে এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের জোসে মিগেল আগ্রেলট কলিজিয়ামে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতায় প্রায় ১৩০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

কেরলের ১৯ বছর বয়সি আইন বিভাগের ছাত্রী কাজিয়াহ লিজ মেজো এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর বিজয়ী। এর আগে ১৭ বছর বয়সে মিস টিন ডিভা ২০২৪ খেতাব জেতেন তিনি। ২০২৫ সালে মিস টিন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানার আপ হন। চলতি বছর মিস ইউনিভার্স কেরল ২০২৬ জিতে রাজ্যের সর্বকনিষ্ঠ খেতাবজয়ী হওয়ার নজিরও গড়েন কাজিয়াহ। এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে মুকুট জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *