অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে ‘মন কি বাত’-এর ব্যানার! বেতন বৃদ্ধির খবর ভেবে বিভ্রান্ত সরকারি কর্মীরা

Spread the love

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। কবে বাড়বে বেতন? কতটা বাড়বে পেনশন? নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে নিয়মিত কমিশনের সরকারি ওয়েবসাইটে নজর রাখছেন কর্মীরা। এরই মধ্যে ওয়েবসাইটে নতুন একটি ব্যানার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করেছিলেন, বেতন বা পেনশন নিয়ে হয়তো বড় কোনও ঘোষণা আসতে চলেছে। কিন্তু বাস্তবে সেই ব্যানারের সঙ্গে অষ্টম বেতন কমিশনের সুপারিশের কোনও সম্পর্ক নেই। বরং সেখানে প্রচার করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’।

ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে সাধারণ মানুষও নিজেদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। তার জন্য ১৮০০-১১-৭৮০০ নম্বরের টোল-ফ্রি পরিষেবায় ফোন করে হিন্দি অথবা ইংরেজিতে নিজেদের বক্তব্য রেকর্ড করার সুযোগ রয়েছে। নির্বাচিত বার্তা অনুষ্ঠানে সম্প্রচারিত হতে পারে। এছাড়াও ১৯২২ নম্বরে মিসড কল দিয়ে এসএমএসে পাওয়া লিঙ্কের মাধ্যমে মতামত পাঠানো যাবে।

অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে এই ধরনের সরকারি কর্মসূচির প্রচার অবশ্য নতুন নয়। এর আগেও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৪তম কিস্তি সংক্রান্ত ব্যানার দেখা গিয়েছিল। সরকারি ওয়েবসাইটে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচির প্রচারের ব্যবস্থা থাকায় কমিশনের ওয়েবসাইটেও এমন বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। তাই নতুন ব্যানারকে কেন্দ্র করে বেতন বৃদ্ধি, পেনশন সংশোধন কিংবা কমিশনের সুপারিশ নিয়ে নতুন কোনও সিদ্ধান্তের ইঙ্গিত নেই।

অন্যদিকে, কমিশনের কাজকর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। সেখানে ২২ ও ২৩ অক্টোবর মুম্বইয়ে একটি বৈঠকের কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হয়েছিল অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে কমিশনের চেয়ারপার্সন, পুলক ঘোষকে পার্ট-টাইম সদস্য এবং পঙ্কজ জৈনকে সদস্য-সচিব হিসেবে নিয়োগ করা হয়। গঠনের দিন থেকে ১৮ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা কমিশনের।

নতুন বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যদিও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে বেতন বৃদ্ধি ও পেনশন সংশোধন নিয়ে বড় ঘোষণার অপেক্ষা এখনও জারি রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *