প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বা হাসপাতাল থেকে বাড়ি ফেরানোর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে রাজ্য সরকার। এবার এই সরকারি প্রকল্পে টাকা চাওয়ার অভিযোগ। এই প্রকল্পে প্রসূতিবাহী যানকে বলা হয় নিশ্চয়যান। মেদিনীপুরে এক প্রসূতিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকার দাবি করার অভিযোগ। অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধেই অভিযোগ। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের বাইরে।
প্রসূতির স্বামীর অভিযোগ, ২৫ শে মার্চ তিনি তাঁর স্ত্রী সঙ্গীতা ভুঁইয়া জানাকে গর্ভবতী অবস্থায় মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি করেন। ওইদিনই তিনি সন্তান প্রসব করেন। সোমবার বিভাগীয় চিকিৎসকেরা প্রসূতিকে ডিসচার্জ করেন। এরপরই প্রসূতির পরিবার ১০২ নম্বরে কল করে অ্যাম্বুলেন্স ডাকেন। কিন্তু সেই নিশ্চয় যানের চালক নিয়ে যাওয়ার জন্য ৪০০ টাকা দাবি করেন বলে অভিযোগ। না দিতে পারায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় প্রসূতি ও তার পরিবারকে।
যদিও অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।


