সোদপুর ফ্লাইওভার সংস্কার: ১৯ জুলাই থেকে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ বন্ধ

Spread the love

দীর্ঘদিন ধরে উপেক্ষিত সোদপুর ফ্লাইওভারে এবার বড়সড় সংস্কার। আসছে ১৯ জুলাই, শুক্রবার থেকে শুরু হচ্ছে কাজ। তবে ফ্লাইওভার পুরোপুরি বন্ধ না রেখে, প্রতি সপ্তাহে শুধুমাত্র শনিবার ও রবিবার—এই দু’দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে যান চলাচলের জন্য। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, ফ্লাইওভারের মোট ২৮টি গার্ডারের ৫৬টি বিয়ারিং পরিবর্তন করা হবে। ব্রিজের নিচে রয়েছে শতাধিক দোকান। সংস্কারের সময় যে অংশে কাজ চলবে, সেই অংশের দোকান বন্ধ রাখার নির্দেশও মিলেছে প্রশাসনের তরফে। সব দিক মাথায় রেখে আগেই ট্রাফিক প্ল্যান তৈরি করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। উল্লেখ্য, ইতিমধ্যেই এই ফ্লাইওভারে ১০ টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সংস্কারের দিনগুলি—শনিবার ও রবিবার—ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বড় ও ভারী যান চলবে বিটি রোডের গির্জা মোড় থেকে একফোর্ড রোড ধরে ৮ নম্বর রেলগেট, রাসমণি মোড়, আরএন অ্যাভিনিউ, কেয়ামোড় হয়ে কাচকল মোড় পর্যন্ত। অন্যদিকে, ছোট গাড়িগুলি চলবে ৬ নম্বর রেলগেট, রামচন্দ্রপুর রোড হয়ে পুনরায় বিটি রোডে।

পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, ছুটির দিনে কাজ হওয়ার ফলে রোজকার যানবাহনের ভিড় কিছুটা এড়ানো যাবে। পাশাপাশি বিকল্প রাস্তাগুলি সক্রিয় থাকায় যাত্রী ও বাসিন্দাদেরও খুব একটা সমস্যায় পড়তে হবে না।

সাধারণ মানুষের অসুবিধা যতটা সম্ভব কমিয়ে কাজ শেষ করাই লক্ষ্য প্রশাসনের। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাফিকের গতি নিয়ন্ত্রণে থাকতে চলেছে, সেকথা মানতেই হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *