কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী সোমবার, ১১ আগস্ট থেকে শহরের তিনটি রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এর ফলে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
গ্রিন লাইন ১ (শিয়ালদহ–সল্টলেক):
আগে এই রুটে প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে চলত ১০৬টি ট্রেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১০৮টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিটে, যা আগে শুরু হত ৬টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬:৩৫-এ এবং সল্টলেক থেকে ৬:৪০-এ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। রবিবার এই রুটে পরিষেবা থাকবে না।
গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান–এসপ্ল্যানেড):
বর্তমানে চলা ১৩০টি ট্রেনের সংখ্যা বেড়ে হচ্ছে ১৩৪টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা)। উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫-এ। রবিবার এই রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট):
আগে চলা ৭২টি ট্রেনের সংখ্যা বেড়ে হচ্ছে ৮০টি। পরিষেবা শুরু হবে জোকা থেকে সকাল ৬টা ৫০ মিনিটে (আগে সকাল ৮টা) এবং মাঝেরহাট থেকে সকাল ৭:১৪-এ (আগে ৭:৫৭)। শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে রাত ৮:৩৬-এ এবং মাঝেরহাট থেকে ৮:৫৭-এ। শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা থাকবে না।
নতুন সূচি চালু হলে যাত্রীদের জন্য ট্রেনের প্রাপ্যতা এবং যাতায়াতের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।


