বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক অমিত হালদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। যদিও আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
বৃহস্পতিবার বিশেষ অধিবেশনে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বেনজির সংঘাত হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু হতেই হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করার পরও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শংকর ঘোষকে। তাঁকে বাইরে বার করতে মার্শাল ডাকতে হয়। সেই সময় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন একাধিক বিধায়ক।
অগ্নিমিত্রা পলও সেই সংঘাতের সময় শারীরিকভাবে চাপে পড়েন বলে জানা গিয়েছে। রাতের দিকে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত আশঙ্কাজনক কিছু নেই, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।


