যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরের জট কিছুতেই কাটছে না। সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাজ্যপাল দ্বারস্থ হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যার মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের CBI তদন্ত, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উত্থাপিত দেশবিরোধী গতিবিধির অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। পাশাপাশি, ফলক ভাঙার ঘটনায় আচার্য অথবা উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত করার দাবিও জানানো হয়েছে।

এছাড়াও JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এবিভিপি।


