কলকাতার জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন হল দেশের প্রথম ‘শব্দ জাদুঘর’। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আধুনিক জাদুঘরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মোট ৯টি থিমভিত্তিক গ্যালারি নিয়ে তৈরি এই জাদুঘরে ভারতের স্বীকৃত ২২টি ভাষার শব্দভাণ্ডার, ধ্বনির বিবর্তন, ভাষার ইতিহাস এবং প্রাচীন থেকে আধুনিক উচ্চারণের পরিবর্তন তুলে ধরা হয়েছে। অডিও-ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে ও ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে দর্শকরা ভাষার বিবর্তনের ইতিহাস দেখতে ও শুনতে পারবেন।
জাদুঘরের অন্যতম আকর্ষণ একটি নির্দিষ্ট শব্দের শতাব্দীজুড়ে পরিবর্তনের ধারাবাহিক উপস্থাপনা। কোনও শব্দের হাজার বা দুই হাজার বছর আগের উচ্চারণ, অর্থ এবং সময়ের সঙ্গে তার রূপান্তরের তথ্যও এখানে পাওয়া যাবে।
জাতীয় গ্রন্থাগার সূত্রে জানা গিয়েছে, ভারতের ভাষাগত ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ। প্রথম পর্যায়ে ২২টি স্বীকৃত ভাষাকে গুরুত্ব দেওয়া হলেও, পরবর্তী পর্যায়ে বিলুপ্তপ্রায় ও আদিবাসী ভাষাগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৬ সালে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল কলকাতায়।


