বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির একটি পোস্টে তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রফি জয়ের স্বপ্নের পাশাপাশি এখন আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—ফাইনালের পর কি আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না মেসিকে?
রবিবার সোশ্যাল মিডিয়ায় গোটা আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি। দীর্ঘ বার্তায় তিনি ট্রফির কথা যতটা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন এই দলের সঙ্গে কাটানো সময়, লড়াই এবং স্মৃতির কথা। সেই কারণেই পোস্টটিকে অনেকেই বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন।
মেসি লিখেছেন, “সবচেয়ে বড় প্রাপ্তি ট্রফি নয়, এই যাত্রা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, কঠিন সময় একসঙ্গে পার করা, প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার কাছে সবচেয়ে মূল্যবান।”

এরপর সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ফাইনালে যা-ই ঘটুক, এই দল ইতিমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে। এই স্মৃতি কোনও দিন মুছে যাবে না।”
পোস্ট প্রকাশের পরই তাতে কান্নার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সেই মন্তব্যও নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
যদিও এখনও পর্যন্ত অবসর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি মেসি। ফলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিশ্বকাপ ফাইনালের আগে তাঁর এই আবেগঘন বার্তা সমর্থকদের মনে একটাই আশঙ্কা তৈরি করেছে—এটাই কি নীল-সাদা জার্সিতে ‘শেষ নাচ’?
৩৯ বছর বয়সী মেসির ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, চ্যাম্পিয়ন্স লিগ-সহ প্রায় সব বড় ট্রফি। ২০১৬ সালে একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও ফিরেছিলেন তিনি। তাই এবারও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে।


