দীর্ঘদিনের জল্পনার অবসান। বিজেপি নেতা, পরিচালক ও প্রযোজক শঙ্কুদেব পণ্ডা এবং টেলিভিশন সাংবাদিক স্বর্ণালী সরকার রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গঙ্গাবক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনীতি, সংবাদমাধ্যম ও টলিউডের একাধিক পরিচিত মুখ।
বরের সাজে শঙ্কুদেবের পরনে ছিল লাল ধুতি-পাঞ্জাবি। অন্যদিকে লাল বেনারসি ও সোনার গয়নায় সেজেছিলেন কনে স্বর্ণালী সরকার। বিয়ের আগে সম্পন্ন হয় তাঁদের ঐতিহ্যবাহী গায়ে হলুদের অনুষ্ঠানও।

এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান তিনি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গঙ্গাবক্ষে বিয়ের আসর হয়ে ওঠে আরও বর্ণময়।
উল্লেখ্য, শঙ্কুদেব পণ্ডা ও স্বর্ণালী সরকারের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সংবাদমাধ্যমের মহলে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনের পথচলা শুরু করলেন এই নবদম্পতি।


