বাংলাদেশি যুবক সুজন মোল্লা গ্রেফতার, ভুয়ো নথি বানিয়ে বারুইপুরে বছরের পর বছর ভারতে

Spread the love

বারুইপুর থানা পুলিশ গ্রেফতার করল এক বাংলাদেশি নাগরিককে। অভিযুক্তের নাম মহম্মদ সুজন মোল্লা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে প্রবেশ। তারপর থেকেই বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলে সুজন।

পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্টও। মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত পারাপার করত। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাইচক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার নিত্যকার কাজ।

এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *