৭৫ ফুট উচ্চতায় চমক, চন্দননগরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা

Spread the love

দুর্গা পুজোয় একসময় দেশপ্রিয় পার্ক যেমন বিশাল প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছিল, এবার সেই রেকর্ড ভাঙার পথে চন্দননগর। কানাইলাল পল্লীর উদ্যোগে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা — যার উচ্চতা ৭৫ ফুট!

এই ক্লাবের পুজো এবছর ৫২ বছরে পদার্পণ করেছে। থিম নয়, এবার তাঁদের লক্ষ্য ছিল অন্যরকম এক চমক। তাই খর বা মাটির বদলে পুরো প্রতিমাটি তৈরি হয়েছে ফাইবার দিয়ে। দত্তপুকুরের শিল্পীরা দিনরাত এক করে গড়ে তুলেছেন দেবী জগদ্ধাত্রীর এই বিশাল রূপ।

পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার বলেন, “দেশপ্রিয় পার্ক যেমন দুর্গা প্রতিমা দিয়ে বিশ্বরেকর্ড করেছিল, আমরাও চাই চন্দননগর সেই জায়গায় পৌঁছোক। প্রশাসনের নির্দেশ মেনে প্রতিমার উচ্চতা নিয়ন্ত্রণ করা হলেও, এটি দেশের সবচেয়ে বড় জগদ্ধাত্রী।”

এই প্রতিমা তৈরির প্রক্রিয়াও ছিল অভিনব। প্রথমে মাটির ছাঁচ, তারপর রেজিন ও ফাইবারে কাস্ট করে লোহার ফ্রেমে একত্র করা হয়েছে দেবী, সিংহ, হাতি এবং চালচিত্র। চালচিত্রে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ফাইবার মূর্তি— যা আরও মনোমুগ্ধকর করে তুলেছে পুরো কাঠামোকে।

কানাইলাল পল্লীর এই বিশাল প্রতিমা ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস চরমে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীর ঢল নামবে চন্দননগরে, এমনটাই আশা আয়োজকদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *