বাংলায় বিধানসভা ভোটের আর মাত্র এক বছর বাকি। তার আগেই শুরু হচ্ছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার রাতেই ভোটার তালিকা স্থগিত করা হবে এবং মঙ্গলবার থেকেই শুরু হবে নাম যাচাই ও সংশোধনের কাজ। এই প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে।
বিশেষ করে মতুয়া, রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় তৈরি হয়েছে যে পর্যাপ্ত নথি না থাকলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে সেই আশঙ্কা আরও গভীর হয়েছে। তিনি বলেছেন, এসআইআর-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা হতে পারে।
বিজেপির মধ্যেই দেখা দিয়েছে অস্বস্তি। বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, “যদি কারও নাম বাদ যায়, সিএএ-এর মাধ্যমে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে।” তবে তৃণমূলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হবে মতুয়া ও উদ্বাস্তু ভোটারদের। রাজনৈতিক মহলের মতে, এসআইআর এখন বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।


