জীবন বাঁচানোর গাড়িই কেড়ে নিল দু’টি জীবন। বেঙ্গালুরুর রিচমন্ড সার্কলে শনিবার রাতের ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ শহর। রাত ১১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইকে ধাক্কা মারে ছুটে আসা অ্যাম্বুল্যান্সটি। মুহূর্তে চিৎকার, কান্না আর রক্তে ভেসে যায় রাস্তা।
ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন বহু বাইকচালক। হঠাৎই বজ্রাঘাতের মতো আসে অ্যাম্বুল্যান্স। একটি বাইককে টেনে নিয়ে চলে কয়েক মিটার। সেখানেই মৃত্যু হয় ৪০ বছরের ইসমাইল ও তাঁর স্ত্রী সামিন বানুর। যারা এক মুহূর্ত আগে ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন, সেকেন্ড কয়েকের ব্যবধানেই নিথর দেহে পরিণত হন।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়ায়। স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের প্রশ্ন— “যে গাড়ি প্রাণ বাঁচায়, সে-ই কি আজ মৃত্যুর দূত?” পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


