মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় একটি তদন্তের সূত্র ধরে আবারও বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযানে গ্রেপ্তার হয় দিলালপুর এলাকা থেকে অভিযুক্ত রামিজ হোসেন মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, আগেই ধৃত দুই অভিযুক্তের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রামিজের নাম উঠে আসে। পরবর্তীতে তার দেখানো মতে দিলালপুর মাঠে জঙ্গলের ভেতর থেকে বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। অপ্রিতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ।
বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেয় হরিহরপাড়া থানার পুলিশ। আজ অর্থাৎ শুক্রবার ধৃত যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


